জাতীয় যুব দিবসে কাশিনাথপুরে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী আয়োজন করা হয় উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস যুব উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বৃহত্তর কাশিনাথপুর এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান, রক্তদান আন্দোলন, মাদকাসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধ, বইপড়া আন্দোলন এবং প্রযুক্তির সঠিক ব্যবহারসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয় তুলে ধরা হয়।
এ ছাড়া সাধারণ জ্ঞান ও বিবিধ বিষয়ে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ড. মো. হাফিজুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি বলেন, যুবসমাজকে নিয়ে এ ধরনের সৃজনশীল ও মননশীল অনুষ্ঠান আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পড়াশোনার পাশাপাশি কিশোর ও তরুণদের সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত রাখতে পারলে তাদের বিপথগামিতা থেকে রক্ষা করা সম্ভব। প্রতিযোগিতামূলক ও কল্যাণমুখী কার্যক্রমে যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সমাজ ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
প্রয়াস যুব উন্নয়ন সংঘের সভাপতি এস এম মহিরউদ্দিন কলি দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা তুলে ধরে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, দেশ ও সমাজের উন্নয়নে যুবকদের ভূমিকা সব সময়ই অগ্রগণ্য। দেশের কর্মোদ্যমী যুবশক্তিকে যত বেশি সঠিকভাবে কাজে লাগানো যাবে, জাতি তত বেশি সমৃদ্ধি অর্জন করবে।
তিনি বলেন, তারা চান, কেবল বড় শহর নয়, গ্রামের তরুণেরাও যেন সমাজের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে পাবনার বেকার যুবকদের বিভিন্ন ধরনের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সংগঠনের তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টা ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে যুবশক্তিকে সমাজ ও জাতির শক্তিশালী সম্পদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে বিশেষ শপথ ও অঙ্গীকারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক সংগঠনের সদস্য ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদক প্রতিরোধ এবং সুন্দর, সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: