সুন্দরবন বনদস্যুমুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সুন্দরবন উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিসহ স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন তারা। স্মারকলিপিতে সুন্দরবন থেকে বনদস্যু নির্মূল, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা, দস্যুদের সহায়তাকারীদের শনাক্ত করা এবং সমন্বিত অভিযান পরিচালনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বনজীবীরা।

বনজীবীরা জানান, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সংকটের দ্রুত সমাধানে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এর আগে গত ২৮ অক্টোবর থেকে সুন্দরবন উপকূলের বনজীবীরা একই দাবিতে শ্যামনগর উপজেলার গাবুরায় টানা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন। পরে তারা একই দাবিতে সাতক্ষীরার পুলিশ সুপারের কাছেও স্মারকলিপি দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, কমিটির সদস্য কামরুল ইসলাম বাবুলু ও বাবলু রহমান, ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খাইরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন আরাফাত, বনজীবী সাইফুল ইসলাম, জেলে বিল্লাল হোসেনসহ অন্যরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: