• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু আজ; ফরমের দাম ১০০, লাগবে যেসব নথি

প্রকাশিত: ০১:০৮, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু আজ; ফরমের দাম ১০০, লাগবে যেসব নথি

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করা হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে ফরম সংগ্রহ করলেই নিবন্ধন নিশ্চিত হবে না; নির্ধারিত শর্ত ও কারিগরি মানদণ্ড পূরণ করতে হবে।

ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আবেদনে যেসব কাগজপত্র লাগবে:

নিবন্ধনের আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ এবং নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

ডিএসসিসি জানিয়েছে, আবেদন ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা করতে হবে। এ ক্ষেত্রে কারিগরি ছাড়পত্র নেওয়াও বাধ্যতামূলক।

এ ছাড়া, একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ এবং ই-রিকশা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তবে ফরম সংগ্রহ বা জমা দেওয়ার মাধ্যমে নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব শর্ত ও মানদণ্ডে উত্তীর্ণ ই-রিকশাকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত