• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার ডিএমপির

ইউএনবি

প্রকাশিত: ২১:১৫, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৫, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার ডিএমপির

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে চেকপোস্ট স্থাপন, টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সড়কে চলাচলকারী যানবাহনের সুরক্ষায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট স্থাপনের পাশাপাশি পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্রও যাচাই করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর সতর্ক নজর রাখছে পুলিশ।

ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

আকতার হোসেন জানান, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করাই এ নিরাপত্তা কার্যক্রমের মূল লক্ষ্য। সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জননিরাপত্তা বজায় রাখতে ডিএমপি সব সময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জীবন, সম্পদ ও যানবাহনের সুরক্ষায় পুলিশের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিভি/ইএনবি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত