• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: বার্ন ইউনিটে এখনও ভর্তি দগ্ধ ১৮ শিক্ষার্থী

প্রকাশিত: ১৮:৩৪, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৫, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: বার্ন ইউনিটে এখনও ভর্তি দগ্ধ ১৮ শিক্ষার্থী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ৯৪ জনের মধ্যে ৭৬ জনকে সুস্থ করে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন। রোগীদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও জানান, শুরুতে আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে এখনো একজন ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন। অন্যদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: