২৭ দিন পর চিটাগাং ইউরিয়া কারখানায় আবারও উৎপাদন শুরু
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া সার কারখানা। ছবি: বাংলাভিশন
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল-এ। ২৪ ঘণ্টায় গড়ে ১ হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে এ কারখানায়। যার বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা। গতরাত থেকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন বন্ধ ছিল। এক দিন বন্ধ থাকা মানে গড়ে তিন কোটি টাকার প্রোডাকশন লস। বর্তমানে গ্যাস সরবরাহের সংকট নেই। তারা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন বলে জানান।
এর আগে গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তারও আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পেয়ে গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে ফের উৎপাদনে গেলেও কিছুদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বন্ধ হয়ে যায় কারখানাটি।
প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে বেশ সময় লেগে যায়। সার কারখানা বন্ধ থাকলে যন্ত্রাংশ নষ্ট হয়, পাইপ লাইনে মরিচা পড়ে লিকেজ হয়ে যায়।
সাম্প্রতিক বছরগুলোতে যান্ত্রিক ত্রুটি, গ্যাস সংকটসহ নানা কারণে স্বাভাবিক উৎপাদনে ছন্দপতন ঘটেছে। তবুও সার উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারখানাটি। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড।
বিভি/এনইউ/এজেড













মন্তব্য করুন: