ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন, বিচার দাবি
কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, সাংবাদিক নজরুল ইসলাম রিপন, সজীব আহমেদ, মো. আলাল উদ্দিন ও শামীম আহমেদ প্রমুখ।
এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন হামলার শিকার সাংবাদিক এম আর রুবেল, সাংবাদিক রাজীবুল হাসান, আশরাফ আলী, আরিফুল ইসলাম মামুন, নাজির আল-আমিন, মিজান পাটোয়ারি, বাবু, আল-আমিন টিটু ও শাহিনসহ ভৈরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভৈরবের আজকের কাগজ পত্রিকার সাংবাদিক এম আর রুবেলের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কোনো ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের অন্যায়, অপরাধ, মারামারি, সংঘর্ষ, দখলবাজি ও চাঁদাবাজির মতো ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে।
বক্তারা সাংবাদিকের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। ঘটনার বিচার না হলে ভৈরবের সাংবাদিকেরা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
গত শুক্রবার ভৈরবের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এ ঘটনার প্রতিবাদে রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
হামলার শিকার সাংবাদিক এম আর রুবেল বলেন, ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। একই সঙ্গে ঘটনার বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সাংবাদিক রুবেল এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/ভৈরব/পিএইচ













মন্তব্য করুন: