সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ
‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’—এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর থানার আয়োজনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লক্ষ্য অর্জনে অধ্যবসায়ের বিকল্প নেই। অধ্যবসায় ছাড়া সফলতা সম্ভব নয়। শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে ব্যস্ত রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। এ সময় শিক্ষার্থীদের নেওয়া শপথ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সোনালী গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ইসলাম ও পরিচালনা কমিটির সদস্য মো. লুৎফুল আলম খোকন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন শেখ সাদী ও ফাতিমা জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মেজবাহ উদ্দিন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
বিভি/সাতক্ষীরা/পিএইচ













মন্তব্য করুন: