খুলনার আন্ডারওয়ার্ল্ডের শিকড় উপড়ে ফেলতে প্রধানমন্ত্রীর নির্দেশ
খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুন, চাঁদাবাজি, লুটপাট ও ভাঙচুর বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো ধরনের ছাড় না দিয়ে অপরাধ জগতের নেটওয়ার্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ পদক্ষেপের মাধ্যমে খুলনার সন্ত্রাসীদের চিহ্নিত করতে একাধিক দল কাজ শুরু করেছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে খুলনার বিএনপি নেতাদের কাছ থেকে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ সম্পর্কে অবহিত হন। এরপর করণীয় নির্ধারণে বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে পরামর্শ করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা জানান, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আরেক নেতা বলেন, সন্ত্রাস দমনে এমন সিদ্ধান্ত হয়েছে, যা এক কথায় ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়’—এই প্রবাদ দিয়ে বোঝানো যায়।
বৈঠক শেষে বিএনপির এক তরুণ নেতা জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের লালন-পালন করার জন্য বিএনপি ক্ষমতায় আসেনি। এসব অপরাধের শিকড় উপড়ে ফেলা হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পেছনে রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। এ বিষয়ে বৈঠকে অংশ নেওয়া আরও এক নেতা বলেন, ‘বলতে দ্বিধা নেই, অনেক নেতাই সন্ত্রাসের কারণে নিজেরাই আশ্রয়হীন হয়ে পড়েছেন।’ একাধিক নৃশংস হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় খুলনা যেন দেশের অন্য জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
ওই নেতার ভাষ্য, বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং দ্রুত সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য ঢাকা থেকে একাধিক দল কাজ শুরু করেছে। ইতোমধ্যে সন্ত্রাসীদের তালিকা, তাদের অবস্থান, মদদদাতা এবং অপরাধী চক্রের অভ্যন্তরীণ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে দলগুলো। যেকোনো মুহূর্তে এসব পদক্ষেপ বাস্তবায়ন শুরু হতে পারে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ দিনে খুলনায় ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি খুলনা নগরীতে এবং চারটি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায় ঘটেছে। এ ছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিভি/খুলনা/পিএইচ













মন্তব্য করুন: