তিস্তা ব্যারেজ নিয়ে ১৯ তারিখ প্রধানমন্ত্রীর চূড়ান্ত ঘোষণা চায় উত্তরবঙ্গের মানুষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ চান তিস্তাপারের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী এ দাবি জানান। সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা গণআন্দোলন উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।
সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পানিসম্পদ উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প অনিশ্চয়তায় পড়ে থাকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এতে তিস্তাপারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটের গণসমাবেশ থেকে সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চান তারা।
দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, প্রকল্প ব্যয় ও পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা এবং ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ। জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দের মাধ্যমে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের দাবিও জানানো হয়।
এ ছাড়া নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ও জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন, যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ, বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে নদী খনন, ভাঙন প্রতিরোধ এবং শাখা নদী ও উপনদীগুলোর পুনর্জীবনের দাবি জানানো হয়েছে।
প্রকল্পের বিকল্প অর্থায়নের উৎস হিসেবে সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশিয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালুর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে উদ্ধারকৃত জমিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন, কর্মসংস্থান এবং কৃষক সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি ও বাজারব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, তিস্তা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি জাতীয় উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পদ্মা ব্যারেজ প্রকল্প ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়া হলে তিস্তার ক্ষেত্রে বিলম্ব কেন? এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
তারা বলেন, তিস্তাপারের মানুষ কোনো অনুগ্রহ নয়, ন্যায্য অধিকার চায়। সরকারের ঘোষিত সাত থেকে আট বছরের মধ্যে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য অর্জন করতে হলে এখনই একনেকের অনুমোদন, অর্থায়নের উৎস, বার্ষিক বরাদ্দ এবং পর্যায়ভিত্তিক বাস্তবায়ন সময়সূচি ঘোষণা করতে হবে।
নেতাদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ কমবে, কৃষিতে সেচের সুযোগ বাড়বে, শাখা নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।
সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দের আহ্বান ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। তাদের প্রত্যাশা, ১৯ নভেম্বরের গণসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করবেন।
বিভি/এআই













মন্তব্য করুন: