• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কাপ্তাই হ্রদে রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

নন্দন দেবনাথ, রাঙামাটি

প্রকাশিত: ১৭:৫৪, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪০, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কাপ্তাই হ্রদে রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

ছবি: আইএসপিআর

সবুজে মোড়ানো পাহাড়ের বুক চিরে স্নিগ্ধ নীল জলরাশি—প্রকৃতির এমন জাদুকরি ক্যানভাসে রাঙ্গামাটির কাপ্তাই লেক যেন এক রূপকথার রাজ্য। আঁকাবাঁকা পাহাড়ের সারি, চারপাশের নিস্তব্ধতা আর মেঘ-পাহাড়ের মিতালীতে ঘেরা এই প্রাকৃতির পটভূমিতেই সোমবার হয়ে গেল দেশের অন্যতম রোমাঞ্চকর জলক্রীড়া—২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা।

সোমবার সকাল সাড়ে ৯টায় লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হয় এই ক্রীড়াযজ্ঞ। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ২০ জন সেরা সাঁতারু এতে অংশ নেন।

স্বাগতিক রাঙ্গামাটি জেলার দুজনসহ পুরুষ ও নারী বিভাগে ১০ জন করে মোট ২০ জন সাঁতারু অংশ নেন পদকের এই তীব্র লড়াইয়ে। কাপ্তাই লেকের সুম্রাট বুক চিরে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে পৌঁছান রাঙ্গামাটি রিজার্ভ বাজার শহীদ মিনার সংলগ্ন উন্নয়ন বোর্ড ঘাটে। পাহাড়ের কোলঘেঁষা জলে এমন রোমাঞ্চকর প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা।

দুপুরে রাঙ্গামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে বসে জমজমাট পুরস্কার বিতরণের আসর। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। 

এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জানান, আন্তর্জাতিক মান ও অলিম্পিক উপযোগী সাঁতারু তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনী ও ফেডারেশন। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় সাঁতার এদেশের মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। সাঁতারের প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণে দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সম্প্রতি রাঙ্গামাটির কাপ্তাই লেকের সুদীর্ঘ ১০ কিলোমিটার এবং মেয়েদের ৮ কিলোমিটার দূরত্ব নিয়ে অনুষ্ঠিত ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৩-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এই আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে পার্বত্য অঞ্চল থেকেও দেশসেরা সাঁতারু উঠে আসবে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেশের সাঁতার ক্রীড়ার উন্নয়নে সরকারের আন্তরিক পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করেন। বিশেষ করে ক্রীড়াবান্ধব পরিবেশ ও বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতার পাশাপাশি ‘সুইম ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগের প্রশংসা করা হয়।

এবারের প্রতিযোগিতার বিশেষ দিক তুলে ধরে বক্তারা বলেন, রাঙ্গামাটির কাপ্তাই লেকের মতো চমৎকার প্রাকৃতিক পরিবেশে এই দূরপাল্লা সাঁতারের আয়োজন ক্রীড়ামোদীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। পার্বত্য চট্টগ্রাম থেকে অতীতেও বিভিন্ন খেলায় নামকরা খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দিয়েছেন, এবং ভবিষ্যতেও সাঁতার ডিসিপ্লিনে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

জলে দীর্ঘ লড়াই শেষে পুরুষ বিভাগে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

অন্যদিকে, নারীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভাগে প্রথম স্থান দখল করেছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন। এ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি খাতুন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত