• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ওসমান হাদি হত্যার বিচারসহ পরিবারের চার দফা দাবি

প্রকাশিত: ১৯:৪৯, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ওসমান হাদি হত্যার বিচারসহ পরিবারের চার দফা দাবি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার, তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং গুলিবিদ্ধ হওয়ার স্থানের সড়ক তার নামে নামকরণের দাবি জানিয়েছে পরিবার।

এসব দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সংবলিত আবেদন জানিয়েছেন ওসমান হাদির মা এবং শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান তাছলিমা হাদি।

আবেদনে প্রথম দাবিতে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এর পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, হামলায় অংশগ্রহণকারী এবং অভিযুক্তদের পালাতে সহায়তাকারীদের ভূমিকা উদ্‌ঘাটনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে দোষী প্রমাণিত ব্যক্তিদের আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

দ্বিতীয় দাবিতে শরিফ ওসমান হাদিকে শহীদ হিসেবে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে পৃথক সরকারি প্রজ্ঞাপন প্রকাশের কথা বলা হয়েছে।

তৃতীয় দাবিতে তার লেখা, বক্তব্য, ছবি, ব্যক্তিগত সামগ্রী এবং জীবন ও সংগ্রামের বিভিন্ন দলিল সংরক্ষণের জন্য ‘শহীদ শরিফ ওসমান হাদি স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

চতুর্থ দাবিতে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডের যে স্থানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই সড়কের নাম আনুষ্ঠানিকভাবে ‘শহীদ শরিফ ওসমান হাদি সড়ক’ করার আহ্বান জানানো হয়েছে।

আবেদনে তাছলিমা হাদি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে পরিবারকে লিখিতভাবে অবহিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত