• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ নবীন চিকিৎসককে সম্মাননা দিলো ইউনিভার্সেল মেডিকেল

প্রকাশিত: ১৯:০৮, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১০ নবীন চিকিৎসককে সম্মাননা দিলো ইউনিভার্সেল মেডিকেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মে মাসের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ নবীন চিকিৎসককে সম্মাননা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ শীর্ষক এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

স্বাগত বক্তব্যে ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে হাসপাতালটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং এটিএন বাংলার সিইও ও উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।

বক্তারা এ আয়োজনকে দেশের চিকিৎসা শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা জোগানোর একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নবীন চিকিৎসকেরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের ডা. সাফিয়া তাসনিম সেমন্তি। তার প্রাপ্ত নম্বর ১ হাজার ৩৩৭। একই কলেজের ডা. ফারিহা রহমান ১ হাজার ৩৩৪ নম্বর পেয়ে দ্বিতীয় এবং ডা. আল ইশরাত জাহান ঈশিতা ১ হাজার ৩০৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

চতুর্থ হয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের ডা. ইসরাত নাজিয়া তানিন। তার প্রাপ্ত নম্বর ১ হাজার ২৯২। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডা. সিফাত-ই-সাদিকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. মো. তৌহিদুল ইসলাম। দুজনেরই প্রাপ্ত নম্বর ১ হাজার ২৯০।

সপ্তম হয়েছেন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের ডা. নামান মুখিজা (১ হাজার ২৮৯)। অষ্টম স্থানে যুগ্মভাবে রয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের ডা. নাহিদ ইসলাম শমী, ঢাকা মেডিকেল কলেজের ডা. মাহমুদুন নবী ইমন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. আলিফ সানজানা রুমু। তিনজনেরই প্রাপ্ত নম্বর ১ হাজার ২৮৮।

সম্মাননা হিসেবে প্রত্যেক চিকিৎসকের হাতে ক্রেস্ট, মেডেল, সনদ, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

আয়োজক হাসপাতাল জানিয়েছে, চিকিৎসা শিক্ষায় মেধা ও অর্জনকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ সম্মাননা আয়োজন অব্যাহত রাখা হবে।

বিভি/টিআর/এজেড

মন্তব্য করুন: