• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে যুবক, প্রেমিকাও শিখলেন বিদেশি ভাষা!

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ২০:০৮, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০৮, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে যুবক, প্রেমিকাও শিখলেন বিদেশি ভাষা!

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালের গৌরনদীতে এসে এক কিশোরীকে বিয়ে করেছেন এক যুবক। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিককে বিয়ে করতে গত এক বছরে সিনেমা দেখে ও তার কাছ থেকে হিন্দি ভাষাও শিখেছেন ওই কিশোরী। তবে ১৭ বছর বয়সী মেয়ের সঙ্গে ভারতীয় যুবকের বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ওই যুবকের নাম সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা এবং ওই এলাকার রেজওয়ান শাহর ছেলে। তার প্রেমিকা মাহি আক্তার (১৭) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। মাহি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

পরিবারের উদ্যোগে বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে একজন মৌলভীকে ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফাইজানকে জামাতা হিসেবে বাড়িতে নিয়ে আসেন মাহির পরিবারের সদস্যরা।

মাহির মা শামীমা আক্তার জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন।

পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাহি জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান।

মাহি আরও জানান, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে তিনি হিন্দি ভাষা শিখেছেন। ফলে তাদের মধ্যে এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানান মাহি।

ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও জানান।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রাম পুলিশ তাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/বরিশাল/পিএইচ

মন্তব্য করুন: