দেড় মাস পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু
নাব্যতা সংকটের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে চালু হয়েছে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১২ অক্টোবর রাত থেকে নাব্যতা সংকটের কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর বিকেল পর্যন্ত দুই দফায় ফেরি চলাচল বন্ধ ছিল।
ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের আট জেলার মানুষের যাতায়াতের অন্যতম সহজ নৌপথ। প্রতিদিন এ রুট দিয়ে প্রায় শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী পারাপার হন। ফেরির পাশাপাশি ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটেও নদী পার হন যাত্রীরা।
ধাওয়াপাড়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম জানান, নাব্যতা সংকটের কারণে ১২ অক্টোবর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে ১৯ অক্টোবর থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে ড্রেজিং কার্যক্রম শুরু হয়। ২৪ নভেম্বর ড্রেজিংয়ের কাজ শেষ করে নৌপথে নাব্যতা ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষামূলকভাবে ধাওয়াপাড়া ঘাট থেকে নাজিরগঞ্জের উদ্দেশ্যে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। পরীক্ষামূলক চলাচলে সবকিছু ঠিক থাকলে এ রুটে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে।
বিভি/রাজবাড়ী/পিএইচ













মন্তব্য করুন: