কেনা হলো না নতুন মোবাইল, রোলারের চাকায় প্রাণ গেলো কিশোর নিরবের!
একটি নতুন মোবাইল ফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছরের কিশোর নিরবের। সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুর সঙ্গে নেত্রকোনার বাড়ি ছেড়ে এসেছিল ফেনীতে। ভেবেছিল, কাজ করে কিছু টাকা জমাবে, তারপর নিজের উপার্জনের টাকায় কিনবে পছন্দের মোবাইল ফোন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত রোলারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের নতুন রাণীরহাট বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরব মহাসড়কের উন্নয়নকাজে নির্মাণশ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। কাজের একপর্যায়ে ক্লান্ত হয়ে রোলারের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে সে। এ সময় চালকের অসাবধানতায় রোলারের চাকার নিচে পড়ে পিষ্ট হয় কিশোরটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিরব নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলি গ্রামের হাসান মিয়ার বড় ছেলে। পরিবারের বড় সন্তান হিসেবে অল্প বয়সেই জীবিকার সন্ধানে বাড়ি ছেড়েছিল সে। সঙ্গে ছিল বাল্যবন্ধু সৌরভ। দুজনের উদ্দেশ্য ছিল কাজ করে কিছু টাকা উপার্জন করা।
সৌরভ জানান, পাঁচ দিন আগে তারা একসঙ্গে কাজের সন্ধানে ফেনীতে আসেন। নিরবের ইচ্ছা ছিল, কাজ করে কিছু টাকা জমিয়ে একটি নতুন মোবাইল ফোন কিনবে। সেই স্বপ্নের কথা বন্ধুর সঙ্গে ভাগাভাগিও করেছিল। কিন্তু পাঁচ দিনের মাথায় সেই বন্ধুকেই হারাতে হলো তাকে।
যে বয়সে নিরবের হাতে থাকার কথা ছিল বই-খাতা, সে বয়সে পরিবারের জন্য উপার্জনের আশায় শ্রমিকের কাজ করছিল সে। নতুন একটি মোবাইল ফোন কেনার স্বপ্ন নিয়ে দূর জেলা থেকে ফেনীতে এসেছিল। অথচ বাড়ি ফেরার সময় তার সঙ্গে থাকছে না উপার্জনের টাকা কিংবা নতুন ফোন কেনার আনন্দ; ফিরছে তার নিথর দেহ।
নিরবের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে বাবা-মা ছেলেকে উপার্জন করে ফিরে আসার অপেক্ষায় ছিলেন, তাদের কাছে এখন ফিরবে সন্তানের মৃত্যুসংবাদ। বন্ধুর সঙ্গে ভাগ করে নেওয়া ছোট্ট স্বপ্নটিও রয়ে গেল অপূর্ণ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মর্মান্তিক মৃত্যুর সংবাদটি শুনেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
নিহতের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একটি নতুন মোবাইল ফোন কেনার জন্য কিছু টাকা জমাতে চেয়েছিল নিরব। সেই স্বপ্ন পূরণের আশায় পাঁচ দিন আগে এসেছিল ফেনীতে। কিন্তু কাজের সন্ধানে আসা কিশোরটির জীবনের পথচলা থেমে গেল রোলারের চাকায়। বাড়ি ফেরার কথা ছিল স্বপ্ন নিয়ে, ফিরতে হচ্ছে নিথর দেহ হয়ে।
বিভি/রাজবাড়ী/পিএইচ













মন্তব্য করুন: