ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দেওয়া হবে না। জ্বালাও-পোড়াও আর নয়। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য মো. আবুল কালাম। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জ্বালানি সংকট নিরসনে স্থানীয় নেতাকর্মীদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সাধারণ খামারি ও জনগণকে আগ্রহী করে তুলতে সরকারি দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিভি/কুমিল্লা/পিএইচ













মন্তব্য করুন: