গাজীপুরে ফের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ সুপারসহ বেশ কয়েকজন আহত
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এদিকে, চলমান অস্থিরতার জেরে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: