সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনার। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন আনার। পরে কলকাতার একটি বাড়িতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কলকাতায় মামলা হয়। ঢাকায় শেরেবাংলা নগর থানায় বাবার হত্যার ঘটনায় মামলা করেছিলেন ডরিন। তখন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তিনি।
ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে যায়। একে একে জামিনে মুক্তি পান গ্রেফতার আসামিরা। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শিমুল ভুঁইয়া।
বিভি/এসজি













মন্তব্য করুন: