• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর ৪ পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর ৪ পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান, ওয়ারী, কাফরুল ও ধানমন্ডি থানা এলাকার চার পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টা ২৩ মিনিটের দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহ আলী প্লাজার বিপরীত পাশে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেও ধরতে পারেননি।

এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

এদিকে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্বৃত্তরা ধানমন্ডি ২৭ এ রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহত সংবাদ পাওয়া যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত