ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে নতুন মোড়
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে। এ সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনার পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর অনুরোধে পাকিস্তান সরকারকে বিষয়টি অবহিত করে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়া নিয়ে আলোচনা শুরু করতে পারে পিসিবি।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ই-মেইলের মাধ্যমে পিসিবিকে সতর্ক করেছে যে, ম্যাচটি না হলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে। পাশাপাশি টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে এসএলসি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। এ সময় তিনি পাকিস্তানের পাশে শ্রীলঙ্কার দাঁড়ানো জরুরি বলেও মত প্রকাশ করেন। পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি দেশে ফিরে বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানা গেছে।
পিসিবি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা চলছে এবং সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সূত্র আরও জানায়, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধ উপেক্ষা করা পিসিবির জন্য সহজ নয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: