• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-জিম্বাবুয়ে শিরোপা লড়াই দেখতে চান দ্রাবিড়

প্রকাশিত: ২১:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারত-জিম্বাবুয়ে শিরোপা লড়াই দেখতে চান দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে। স্বাগতিক ভারত দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে পড়লেও দলের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় আশাবাদ হারাননি। বরং তিনি চোখ রেখেছেন শিরোপা লড়াইয়ের দিকে।

এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, “শিরোপা লড়াইয়ে ভারত যেকোনো দলের বিপক্ষে খেলুক, সেটিই আমার কাছে আনন্দের। তবে ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হলে তা হবে বিশেষ কিছু। জিম্বাবুয়ে যদি শেষ পর্যন্ত শিরোপা লড়াইয়ে জায়গা করে নিতে পারে, তবে তা তাদের ক্রিকেটের জন্য বিশাল অর্জন হবে।”

এবারের আসরে সিকান্দার রাজার নেতৃত্বে দারুণ আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছে জিম্বাবুয়ে। নির্ভীক ব্যাটিং, নিয়ন্ত্রিত বোলিং এবং সাহসী মানসিকতায় তারা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি প্রমাণ করেছে, বড় প্রতিপক্ষের বিপক্ষে ও তারা লড়তে প্রস্তুত।

অন্যদিকে বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতও শক্তিশালী দল হিসেবে বিবেচিত। সুপার এইটের প্রথম ম্যাচে হারের পরও দ্রাবিড় মনে করেন, দলগত গভীরতাই ভারতের সবচেয়ে বড় শক্তি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বিকল্প থাকার কারণে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের।

তবে টি-টোয়েন্টি সংস্করণের অনিশ্চয়তার কথাও দ্রাবিড় মনে করিয়ে দিয়েছেন। তার মতে, শেষ চারের লড়াইয়ে একটি খারাপ দিন বা কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে।

সব মিলিয়ে দ্রাবিড়ের কল্পনায় এখন এমন এক শিরোপা লড়াই, যেখানে অভিজ্ঞ ভারত ও চমক জাগানো জিম্বাবুয়ে মুখোমুখি হবে বিশ্বমঞ্চে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: