টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এমন সুযোগ হেলায় হারাতে চাইবে না টিম টাইগার্স। কেননা বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।
অন্যদিকে, পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজে টিকে থাকার। এক পরিবর্তন রয়েছে সফরকারী দলে। স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার হারিস রউফকে একাদশে নেওয়া হয়েছে।
প্রথম ম্যাচে পাকিস্তানের টপঅর্ডার গুঁড়িয়ে দিয়েছেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলছিলেন, ‘এটা দুর্দান্ত শুরু ছিলো। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতি ভালভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারবো।’
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
বিভি/এআই



মন্তব্য করুন: