সিলেটে টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই, ট্রফিতে নজর ক্যারিবীয়দের
একদিকে সিরিজ বাঁচানোর লড়াই, অন্যদিকে সিরিজ জয়ের হাতছানি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ঘুঁড়ে দাঁড়াতে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে টাইগাররা। অন্যদিকে অনুশীলন না করে বিশ্রামে দিন কাটিয়েছে ক্যারিবীয়রা। দুই দলের কোচের সংবাদ সম্মেলনে স্পষ্ট; লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসী দুই শিবিরই।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের এই সিরিজে প্রথম ম্যাচের রেজাল্ট বাংলাদেশের জন্য বিরাট হতাশার। সিরিজে সমতা ফেরাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই ম্যাচের আগের দিন সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। নেট অনুশীলনের পাশাপাশি উইকেট ও কন্ডিশন পর্যবেক্ষণেও মনোযোগ ছিল ক্রিকেটারদের।
সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে আশার কথা শুনালেও, প্রথম টেস্টে দলের সেরা স্পিনার তাইজুলের অফ ফর্মে থাকা নিয়ে দুঃশ্চিন্তায় কোচ ফিল সিমন্স।
অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলন না করে বিশ্রামে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সংবাদ সম্মেলনে ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, যেকোনো নতুন পরিবেশই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ নিয়েই সিরিজ জয়ের আত্মবিশ্বাসের কথাই শোনালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ।
কনকাশন নিয়মের কারনে সিলেট টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হকের। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, লিটন দাসকে নিয়ে আশাবাদী তারা। জয় পেতে ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার উপর গুরুত্ব দিয়েছেন বাশার।
সব মিলিয়ে দুই দলের প্রস্তুতি ও পরিকল্পনায় রয়েছে ভিন্নতা। বাংলাদেশের লক্ষ্য প্রথম টেস্টের ভুল শুধরে ঘুরে দাঁড়ানো। আর সিলেটে ওয়েস্ট ইন্ডিজ মিশন, সিরিজ জয় নিশ্চিত করা। উইকেট, কন্ডিশন আর ক্রিকেটারদের পারফরম্যান্স; সবকিছুকে জয় করে সিলেট টেস্টে কোন দল ঘুঁড়ে দাঁড়াবে তাই এখন দেখার বিষয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: