• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বিদেশে সাকিবের জন্মদিন উদযাপন করে ‌‘নবাব’ নামে ডাকলেন আসিফ

প্রকাশিত: ১৪:২৪, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিদেশে সাকিবের জন্মদিন উদযাপন করে ‌‘নবাব’ নামে ডাকলেন আসিফ

দেশের সেরা ক্রিকেটার এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। দেশের বাইরে থাকায় বিদেশে বসেই সাকিবের জন্মদিন উদযাপন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির পরিচালক আসিফ আকবর।

মঙ্গলবার (২৪ মার্চ) লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন বিসিবির এই পরিচালক। বেসরকারি টেলিভিশনে সাকিবের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ হয়েছে। 

ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। এসময় দুজন দুজনকে কেক খাইয়ে দেন। সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ।

২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন সাকিব। জায়গা হারান জাতীয় দলে। তবে সরকার পরিবর্তনের পর সাকিবের দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতিনির্ধারণী মহলে।

তাকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। গত ৪ মার্চ তিনি গণমাধ্যমে বলেছিলেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব। রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করা সাকিব সেসময়ও খেলে গেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। বর্তমানে তাকে চলছে দেশে ফেরানোর প্রস্তুতি। তার নামে থাকা হত্যা মামলাটিও প্রত্যাহারের কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে।

বিভি/এজেড

মন্তব্য করুন: