• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মায়ামির ড্রয়ের দিনে মেসির দুর্দান্ত ফ্রি-কিক, গোল পেলেন সুয়ারেজও

প্রকাশিত: ১৮:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মায়ামির ড্রয়ের দিনে মেসির দুর্দান্ত ফ্রি-কিক, গোল পেলেন সুয়ারেজও

ইন্টার মায়ামির হয়ে ফ্রি-কিকে আরও একটি দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আজ সান ডিয়োগের বিপক্ষে গোল পেয়েছেন লুইস সুয়ারেসও। কিন্তু ২-১'এ এগিয়ে থাকা মেসির দল ২-২ ড্র'তে শেষ করেছে ম্যাচ। 

সোমবার সকালে শেষ হওয়া ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় সান ডিয়েগো। গোল করেন ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার। ঠিক ১২ মিনিট পর মায়ামি সমতায় ফেরে মেসির গোলে। 

ডান প্রান্ত থেকে মেসির নেওয়া ফ্রি-কিক বক্সে থাকা কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে সরাসরি চলে যায় দূরের পোস্টের দিকে। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও বল ধরতে পারেননি। আর্জেন্টাইন ফুটবল মহাতারকার বর্নিল ক্যারিয়ারে এটি ৭৫তম ফ্রি–কিক গোল। আর এমএলএসের চলতি মৌসুমে ২০তম।

চার দিন আগে ক্রুজ আজুলের বিপক্ষে গোল করে মায়ামির হয়ে একশ' গোলের মাইলফলক ছুঁয়েছিলেন ৩৯ বছরের মেসি। ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ২-১–এ এগিয়ে যায় ফ্লোরিডার ক্লাবটি। কিন্তু ৮২ মিনিটে সমতা ফেরান ড্রেয়ার। বাকি সময়ে স্কোরলাইন অপরিবর্তিত থাকে। 

এই ড্রয়ে ২৬ ম্যাচে ১২ জয়, চার হার, ১০ ড্র'য়ে মায়ামির পয়েন্ট হলো ৪৬। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। নিয়মিত মৌসুমে মেসিদের হাতে এখনও আট ম্যাচ বাকি। মায়ামির পরের ম্যাচ আগামী রবিবার কলম্বাস ক্রু'র বিপক্ষে।

বিভি/এজেড

মন্তব্য করুন: