ফিফা আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের হয়ে খেলবেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী। সোমবার ইন্দোনেশিয়ায় দলের সাথে যোগ দিয়েছেন তিনি। কানাডা থেকে দলের সাথে আরো যোগ দিবেন শমিত সোম।
ফিফা উইন্ডোতে হচ্ছে এই আসিয়ান কাপ। টুর্নামেন্ট হচ্ছে দুই টায়ারে। বাংলাদেশ খেলছে শীর্ষ টায়ার-প্রিমিয়ার ডিভিশনে। সেখানে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের মর্যাদাপূর্ণ এই আসর শুরু করবে বাংলাদেশ।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হলো স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ফিফা র্যংকিংয়ে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে।
২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টমাস ডুলির দল। এরপর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
এই টুর্নামেন্টের জন্য হামজা চৌধুরীকে নিয়েই ২৩ সদস্যের দল গড়েছেন কোচ ডুলি। দল গঠনে কোচ এবার প্রথমবারের মতো সুযোগ দিয়েছেন- তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ এবং শুকি ইতফুসা'কে।
দলের আক্রমণভাগ ও মাঝমাঠের শক্তিবৃদ্ধিতে এই তিন তরুণের পাশাপাশি হামজা চৌধুরীর পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ।
বিভি/এজেড













মন্তব্য করুন: