এশিয়ান গেমসে বাংলাদেশকে সুখবর দিলো কাবাডি দল
জাপানে এশিয়ান গেমসে অবশেষে সুখবর পেলো বাংলাদেশ। কাবাডি ইভেন্টে ছেলেদের বিভাগে শুভ সূচনা লাল-সবুজের দল। 'এ' গ্রুপের ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় তাদের ৩৯-৩৫ পয়েন্টে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগের দিন আটটি খেলায় অংশ নিয়ে কোনোটিতে জয় পায়নি বাংলাদেশের অ্যাথলেটরা। আজ ছেলেদের কাবাডিতে তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই জমে ওঠে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া লড়াই।
প্রথমার্ধে ১৭–১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি করে তারা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ। দুই অর্ধ মিলিয়ে বাংলাদেশ কাবাডি দলের জয় আসে ৩৯–৩৫ পয়েন্ট ব্যবধানে।
বাংলাদেশের জয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে ‘অলআউট’। দক্ষিণ কোরিয়াকে দুবার অলআউট করে চার পয়েন্ট পায় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে দক্ষিণ কোরিয়া পায় দুই পয়েন্ট। রক্ষণেও দুই দল ছিলো সমানে সমান। উভয় দলই একটি করে সফল ‘সুপার ট্যাকল’ থেকে দুই পয়েন্ট করে পেয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: