মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে?-জানালেন স্কালোনি
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা রয়েছে মেসির। এর আগেই মেসি-পরবর্তী নেতৃত্ব নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল আর্জেন্টিনা।
চলতি ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আরও দুটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ১ অক্টোবর বলিভিয়া এবং ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তারা। এর মধ্যেই মেসির পর দলের নিয়মিত অধিনায়ক হিসেবে রোমেরোর নাম নিশ্চিত করলেন স্কালোনি।
টিওআইসি স্পোর্টসকে আর্জেন্টিনার কোচ বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্টিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্টিনেজও পরতে পারে।’
এরই মধ্যে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোমেরোর। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় তিনবার আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার।
২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন রোমেরো।
মেসির পর নেতৃত্বের দৌড়ে রোমেরোর সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্টিনেজের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত রোমেরোকেই নিয়মিত অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন স্কালোনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: