মাঠে গড়াচ্ছে এনসিএল মহারণ, ট্রফির লড়াইয়ে ৮ দল
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও দীর্ঘ পরিসরের টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলের নতুন মৌসুম আবারও শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৩ অক্টোবর) মাঠে গড়াচ্ছে এনসিএলের ২০২৬-২৭ সংস্করণ। লাল বলের এই চার দিনের আসরে শিরোপা জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামছে ৮টি বিভাগীয় দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে টুর্নামেন্টের প্রথমভাগের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। সর্বমোট ৭টি রাউন্ডে দলগুলো ২৮টি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।
সূচি অনুযায়ী, প্রথম দিনেই পৃথক চারটি ভেন্যুতে প্রথম রাউন্ডের চার ম্যাচ মাঠে গড়াবে। সিলেটে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ময়মনসিংহ বিভাগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হবে রংপুর বিভাগ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীকে আতিথ্য দেবে স্বাগতিকরা। এছাড়া খুলনার জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হবে স্বাগতিক খুলনা।
দীর্ঘ ফরম্যাটের এই আসরকে কেন্দ্র করে মাঠের উইকেট ও আউটফিল্ড প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া অঙ্গনের প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের এই লাল বলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
মাঠে উপস্থিত থাকতে না পারলেও ক্রিকেটপ্রেমীদের ম্যাচ মিস করার সুযোগ নেই। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে বিসিবি জানিয়েছে, আসরের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। তাছাড়া বল-বাই-বল তাজা আপডেট ও টুর্নামেন্টের সার্বিক তথ্য মিলবে 'বিসিবি ম্যাচ সেন্টার' অ্যাপে।
বিভি/এজেড













মন্তব্য করুন: