• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ভারতের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল দল  

প্রকাশিত: ১১:৫৪, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৯, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভারতের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল দল  

ভারতের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চার্টার্ড বিমানে কলকাতায় পৌঁছায় কোচ কার্লো আনচেলত্তির প্রশিক্ষণাধীন দল। বিমানবন্দর থেকে বেরিয়ে টিমবাসে করে ভিনিসিইয়ুস জুনিয়ররা চলে যান হোটেলে।

পাঁচবারের বিশ্বজয়ীরা শহরে পা রাখতেই শনিবারের মেগা ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। শনিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ। সাম্বার জাদু দেখার জন্য অপেক্ষা করছেন বাংলার ফুটবলপ্রেমীরা। 

ব্রাজিল দলের সঙ্গে কলকাতা সফরে আসেননি তারকা ফুটবলার রাফিনহা (Raphinha)। ভারতের বিরুদ্ধে ৩ অক্টোবর ঐতিহাসিক ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিলের ফরওয়ার্ড। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে দেখা যাবে না রাফিনহাকে। 

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ব্রাজিল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলে দলটি। প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জেতে ব্রাজিল। সেই ম্যাচ খেলার সময়ই ডানপায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। তাকে ম্যাচের বিরতিতে মাঠ থেকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। জানা গিয়েছে, জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাফিনহাকে। তিনি বার্সেলোনায় গিয়েছেন চিকিৎসার জন্য।  

সূত্র: এবিপি আনন্দ  

বিভি/এসজি

মন্তব্য করুন: