ব্রাজিলের কাছে এক হালি গোল হজম করেও খুশি ভারতীয়রা!
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হওয়াটা ভারতীয় ফুটবলের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ৬ ও ভারত ১৩৮ নম্বরে থাকায় স্বাগতিকদের পরাজয় ছিল অনেকটাই নিশ্চিত। তবে খালিদ জামিলের শিষ্যরা লড়ে ৪-০ ব্যবধানে ম্যাচ শেষ করে এবং পুরো ৯০ মিনিটই ইতিবাচক ফুটবল উপহার দেয়।
ম্যাচের শুরুতেই ভারত ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করে। ১৫ মিনিটের মধ্যে মনবীর সিং দারুণ কয়েকটি আক্রমণ গড়া সত্ত্বেও মার্কিনিওসের তৎপরতায় ব্রাজিল রক্ষা পায়। অন্যদিকে ৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের জোরাল শট ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তবে ২৮ মিনিটে গুরপ্রীতের ব্যর্থতায় এস্তেভাওর শটে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৪২ মিনিটে পেদ্রোর গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত।
দ্বিতীয়ার্ধে উভয় দল একাদশে পরিবর্তন আনে। ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং গোলের বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে। তবে ৫৩, ৫৫ ও ৬৪ মিনিটে মনবীর ও রায়ান উইলিয়ামসের আক্রমণগুলো ব্রাজিলের রক্ষণে আটকে যায়।
ভারত যখন আক্রমণ শানাতে ব্যস্ত, ঠিক তখনই রক্ষণভাগের ভুলে উল্টো দুই গোল হজম করে। ৫৮ মিনিটে বিজয়ের থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত শটে গোল করেন বদলি নামা সামুয়েল লিনো। এরপর অতিরিক্ত সময়ে লিনো তাঁর ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে ভারত ৪-০ ব্যবধানে মাঠ ছাড়ে।
সুযোগ হাতছাড়া করা এবং রক্ষণের মারাত্মক ভুলই ছিল ভারতের এই হারের মূল কারণ। এই ভুলগুলো শুধরে নিয়ে আগামী ৬ অক্টোবর আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে ভারতীয় দল।
বিভি/এজেড













মন্তব্য করুন: