বাংলাদেশের চোখ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে
ছবি: ফাইল ফটো
লাল বলের ক্রিকেটে যা একসময় স্রেফ কল্পনা ছিলো, তা এখন বাংলাদেশ দলের সামনে বাস্তব রূপ নিয়েছে। পারফরম্যান্সের সুবাদে আত্মবিশ্বাস এতটাই বেড়েছে যে, আন্ডারডগ তকমা মুছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন এখন আর অসম্ভব মনে হয় না। টাইগারদের এই মানসিক পরিবর্তনের অন্যতম কারিগর, জাতীয় দলের পেসার হাসান মাহমুদ সাফ জানিয়ে দিয়েছেন-শুধু স্বপ্ন দেখার দিন শেষ, এখন টেস্টে রাজত্ব করার সময়।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী এই পেসার জানান, গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন হাসান নিজেই। এই জয়ের পর পয়েন্ট তালিকার চারে উঠে আসে বাংলাদেশ। গত দুই বছরে ১৩ টেস্টের ৬টিতেই জিতেছে দল, যা ধারাবাহিক উন্নতির স্পষ্ট প্রমাণ।
চলতি চক্রে হাতে থাকা ৬ ম্যাচের মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি ম্যাচ জিতলেই ফাইনালে খেলার বড় সুযোগ থাকবে বলে মনে করেন হাসান।
কাউন্টি ক্রিকেট মাতিয়ে আসা হাসানকে অনেকে ‘মিনি ম্যাকগ্রা’ ডাকেন। নিজের আক্রমণাত্মক বোলিং কৌশল নিয়ে তিনি জানান, বাউন্সার ও শর্ট বলে ব্যাটারদের কোণঠাসা করাই ছিল তাঁর মূল পরিকল্পনা। তার মতে, বাংলাদেশ থেকেও যে বিশ্বমানের ফাস্ট বোলার তৈরি হতে পারে, আন্তর্জাতিক মঞ্চে তা এখন প্রমাণিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ ১-১ সমতায় শেষ হলেও দলের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী হাসান। তার মতে, পেসাররা ফিট থাকলে আর ব্যাটাররা ফর্মে থাকলে বাংলাদেশ ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে।
বিভি/এমআর













মন্তব্য করুন: