বৃষ্টিতে ভেসে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু বৃষ্টির বাধায় শেষ ম্যাচের নিষ্পত্তি হলো না। শনিবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজটি ২-২ সমতায় শেষ হয়েছে।
নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৫ মিনিট পর খেলা শুরু হয়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দুই দলকে ৯ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়। টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তোলার পর আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের মতো পরিস্থিতিও না থাকায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
২০২৪ সালের অক্টোবরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের পর এই প্রথম স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছিল। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ২০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। তবে তাঁদের শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। ঈশান কিষান, সঞ্জু স্যামসন ও নামান ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে স্বাগতিকেরা।
নামান ধীর মাত্র ৬ বলে অপরাজিত ২৪ রান করেন। অন্যদিকে, ঈশান কিষান রোমারিও শেফার্ডের বলে লং লেগের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে সিরিজের ১০০তম ছক্কার মাইলফলক পূর্ণ করেন।
স্বল্প সময়ের ব্যাটিংয়ে ভারতীয়রা হাঁকান ৮টি চার ও ৭টি ছক্কা। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠার আভাস মিললেও শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হয় ক্রিকেটকে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: