ভালভের্দের ৩০ গজের শটে রিয়ালের নাটকীয় জয়
এ-ই-কে এথেন্সকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্রিক ক্লাবটির মাঠে বুধবার (৪ নভেম্বর) দুইবার পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের জয় ৩-২ ব্যবধানে। ফেদে ভালভের্দে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
এ-ই-কে এথেন্সের মাঠে রিয়ালের অতীত সুখকর নয়। সেখানে আগের আট ম্যাচে কেবল একটি জিততে পেরেছে মাদ্রিদ জায়ান্টরা। সেটাও সেই ১৯৮৫ সালে, উয়েফা কাপে। এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্বাদশ মিনিটেই চমক দেখায় গ্রিক ক্লাবটি। সেনেগাল ফরোয়ার্ড আবুবাকারি কোইটা এগিয়ে নেন স্বাগতিকদের। ৩২ মিনিটে রিয়ালের জুড বেলিংহাম গোল শোধ দেন। ৭৫ মিনিটে আবার এগিয়ে যায় এ-ই-কে। গোলদাতা লেফট-ব্যাক পিলিওস।
তিন মিনিটের মধ্যে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা ছয় ম্যাচে গোল পেলেন ফরাসি তারকা। ৮৬ মিনিটে ব্যবধানও গড়ে দিতে পারতেন রিয়াল ফরোয়ার্ড। কিন্তু তার শট গোলরক্ষের আঙ্গুল ছুঁয়ে ক্রসবারে বাধা পায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভালভের্দে কাজের কাজটি করে দেন। ৬৭ মিনিটে ডিওমান্ডের বদলি নামা এই মিডফিল্ডার প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে রিয়ালকে আনন্দে ভাসান। ইউরোপ সেরায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা চার ম্যাচে পূর্ন ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে গত দুই মৌসুমের শিরোপাজয়ী পিএসজি।
বিভি/এসজি













মন্তব্য করুন: