সাফে কাগজে কলমে শক্তিশালী বাংলাদেশের প্রথম টার্গেট আজ ভূটান
ছবি: অনুশীলনে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটায় মাঠে নামার আগে আত্মবিশ্বাস জোগাতে পারে বাংলাদেশের অতীত পরিসংখ্যান। ফিফা র্যাঙ্কিং, মুখোমুখি লড়াই কিংবা সাফের ইতিহাস-সব দিক থেকেই লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে এই আধিপত্য ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ।
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম এবং ভুটান রয়েছে ১৯২তম স্থানে। দুই দলের মধ্যে ব্যবধান ১০ ধাপের। আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও ভুটানের চেয়ে ঢের এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল ১৭ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং ভুটানের জয় মাত্র দুটিতে। গোলের হিসাবেও বাংলাদেশ ৩৭ গোল করে এগিয়ে রয়েছে, যেখানে ভুটানের গোলসংখ্যা ৯টি।
তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভুটান যে বাংলাদেশকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে, তার প্রমাণও রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের মাঠে খেলা দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ১-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে যায়। এরপর ২০২৫ সালের ৪ জুন ঢাকার ফিরতি লড়াইয়ে ভুটানকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা।
অন্যদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চেও বাংলাদেশের আধিপত্য রয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে দুই দল ৭ বার মুখোমুখি হলেও বাংলাদেশ জিতেছে ৬টিতে এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে। অর্থাৎ সাফের মঞ্চে বাংলাদেশের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি ভুটান।
সব মিলিয়ে অতীত পরিসংখ্যান ও র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে এই শ্রেষ্ঠত্ব কতটুকু কাজে লাগানো যায়, এখন সেটাই দেখার অপেক্ষা।
বিভি/এমআর













মন্তব্য করুন: