• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেসি ছাড়াই কোস্টারিকাকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা

প্রকাশিত: ১০:২৭, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেসি ছাড়াই কোস্টারিকাকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা

তারুণ্যনির্ভর ‘মেসি-পরবর্তী’ আর্জেন্টিনা বিশাল জয় দিয়ে বছর শেষ করেছে। কর্দোবায় আজ কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। হুলিয়ান আলভারেস, নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনে দুটি করে এবং আলেক্সিস মাক আলিস্তের একটি গোল করেন।

বুয়েনস এইরেসে গত শনিবার উরুগুয়ের কাছে ২-১ গোলে প্রীতি ম্যাচ হেরে ‘মেসি-পরবর্তী যুগ’ শুরু করে আর্জেন্টিনা। এরপর আজ কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দলটি। প্রথমার্ধেই চার গোল তুলে নেয় তারা। নিকো পাজ ও হুলিয়ান আলভারেস করেন জোড়া গোল।

ম্যাচের অষ্টম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেস। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন নিকো পাজ। ৪৩ মিনিটে আলভারেসও পূর্ণ করেন জোড়া গোলের কীর্তি।

বিরতির পর দুই গোলদাতাকে আর মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। নিকো পাজের বদলি হিসেবে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৫-০ করেন। ৪৮ মিনিটে সতীর্থের পাস পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এরপর ৭৮ মিনিটে গোল করেন লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের। ডি-বক্সে বল পেয়ে জায়গা তৈরি করে গতিময় শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কোস্টারিকার কফিনে সপ্তম ও শেষ পেরেকটি ঠুকে দেন মাস্তানতুয়োনে। ডি-বক্সের সামনে থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তাতে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত