নতুন দায়িত্ব কাঁধে নিয়ে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন মহেন্দ্র সিং ধোনি!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ আসরের আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। খেলোয়াড় হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার পথচলার ইতি টেনে এবার মেন্টরের ভূমিকায় দেখা যাবে এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটারকে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ধোনিকে দলের মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস।
৪৫ বছর বয়সী ধোনির নেতৃত্বে রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। পাশাপাশি তার অধিনায়কত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছে দলটি। চেন্নাইয়ের হয়ে ২৭২টি ম্যাচ খেলেছেন ধোনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি ৫ হাজার ৩১৪ রান নিয়ে তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
বারবার চোটে পড়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চেন্নাইয়ের হয়ে খেলোয়াড় হিসেবে ধোনির অংশগ্রহণ কমে আসছিল। ফলে তার খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে তাকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া সিএসকের বিবৃতিতে ধোনির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘অসংখ্য জয়, কঠিন সময় এবং হৃদয়ে চিরদিন গেঁথে থাকা স্মৃতির মধ্য দিয়ে শুরু থেকেই এমএস আমাদের পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আমাদের গৌরব এনে দেওয়া থেকে শুরু করে সুপার কিংসের নতুন প্রজন্মকে পথ দেখানো; থালা সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। চেন্নাই সবসময় তার ঘর হয়ে থাকবে।’
সিএসকের মালিক এন শ্রীনিবাসনও ধোনির অবদান স্মরণ করে বলেন, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ধোনির নাম সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে।
বিবৃতিতে তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে নেই। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। জয়, ব্যর্থতা এবং মাঝের সব অভিজ্ঞতায় আমরা একে অপরের পাশে ছিলাম।’
আগামী দিনগুলোতে দলের পরিবর্তনের প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ধোনির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সিএসকের সহ-মালিক রূপা গুরুনাথ।
শ্রীনিবাসনের মেয়ে রূপা গুরুনাথ বলেন, ‘এমএস মেন্টর হিসেবে সিএসকে পরিবারের অংশ হয়ে থাকবেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের জন্য অমূল্য, বিশেষ করে এই পরিবর্তনের সময়ে। দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। তাদের পথ দেখাতে ধোনির পরামর্শ ও দিকনির্দেশনা নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তুলতে সহায়তা করবে।’
ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে আইপিএলের শিরোপা জেতে চেন্নাই সুপার কিংস। এ ছাড়া তার অধিনায়কত্বে ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জেতে দলটি।
বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ধোনি ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এবার আইপিএলেও খেলোয়াড় হিসেবে অধ্যায় শেষ করে চেন্নাইয়ের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হচ্ছেন তিনি।
সূত্র: এনডিটিভি
বিভি/এনডিটিভি/পিএইচ













মন্তব্য করুন: