• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মালিকানা পরিবর্তন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মালিকানা পরিবর্তন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের

২০২৭ সালের আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসছে। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম কর্ণধার জয় মেহতা নিজের হাতে থাকা শেয়ারের অর্ধেক অংশ বিক্রি করে দিচ্ছেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, জয় মেহতা তার বর্তমান ৪৫ শতাংশ শেয়ারের মধ্যে ২২.৫ শতাংশ মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে হস্তান্তর করছেন। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করা হবে এবং লেনদেনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এই লেনদেনের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্সের সামগ্রিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি। তবে নতুন বিনিয়োগকারী এলেও ফ্র্যাঞ্চাইজিটিতে ৫৫ শতাংশ সংখ্যাগরিষ্ঠ মালিকানা শাহরুখ খানের হাতেই থাকছে। পাশাপাশি সহ-মালিক হিসেবে আগের অবস্থানেই বহাল থাকছেন জুহি চাওলা।

নিয়মানুযায়ী, এই চুক্তি থেকে ৫ শতাংশ বা প্রায় ২০ মিলিয়ন ডলার (প্রায় ২০০ কোটি রুপি) পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। উল্লেখ্য, নতুন অংশীদার হতে যাওয়া অ্যারেস ম্যানেজমেন্টের বিনিয়োগ তালিকায় চেলসি, মিয়ামি ডলফিনস এবং ট্রেন্ট রকেটসের মতো জনপ্রিয় ক্রীড়া ফ্র্যাঞ্চাইজিও রয়েছে।

২০০৭ সালে শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা যৌথভাবে কেকেআরের মালিকানা গ্রহণ করেছিলেন। দীর্ঘ পথচলায় এবার নতুন বিনিয়োগকারীর আগমন ঘটলেও দলের মূল নিয়ন্ত্রণে শাহরুখ খানের সংখ্যাগরিষ্ঠতা অপরিবর্তিত থাকছে।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: