• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’: খাজার পর এবার হাঁড়ি ভাঙলেন ব্যানক্রফট

প্রকাশিত: ১৮:৪৩, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৩, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’: খাজার পর এবার হাঁড়ি ভাঙলেন ব্যানক্রফট

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন বলে দাবি করেছেন ক্যামেরন ব্যানক্রফট। বুধবার এক কলামে তিনি এ কথা বলেন। তার এই দাবি বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন করে তদন্ত না করার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পরই ব্যানক্রফটের এ বক্তব্য সামনে আসে।

‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় লেখা কলামে ব্যানক্রফট বলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি শুধু তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তিনি জানতেন—বিষয়টি এমন নয়; পুরো দলই এ সম্পর্কে অবগত ছিল।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের এক পাশ ঘষে রিভার্স সুইং আদায়ের চেষ্টা করেন ব্যানক্রফট। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এ ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দায়ী করা হয়। তিনজনকেই দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ব্যানক্রফট স্বীকার করেছেন, ওই ঘটনার তদন্তের সময় তিনি সব তথ্য প্রকাশ করেননি। স্যান্ডপেপার ব্যবহারের শুরু, কত দিন ধরে তা চলেছিল এবং দলের অন্যদের সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। তদন্তের স্বার্থ রক্ষা এবং অন্যদের জড়িয়ে না ফেলতেই এমনটি করেছিলেন বলে দাবি তার।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে বিষয়টি নতুন করে আলোচনায় আনেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজা। তার দাবি, বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে পুরো দলই জানত। ডেভিড ওয়ার্নারও খাজার বক্তব্য সমর্থন করেন।

তবে গত শুক্রবার সংবাদ সম্মেলনে কামিন্স খাজার অভিযোগকে ‘১০০ শতাংশ ভুল’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি একে ‘সম্পূর্ণ ও চরম অর্থহীন’ বলেও মন্তব্য করেন।

এর আগে ২০২১ সালে এক সাক্ষাৎকারে ব্যানক্রফট ইঙ্গিত দিয়েছিলেন, কামিন্সসহ দলের বোলাররা বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন। তখন কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন এ অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তারা এ বিষয়ে কিছুই জানতেন না।

কামিন্সের সাম্প্রতিক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ব্যানক্রফট বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলের অন্যদের সঙ্গে তার অভিজ্ঞতার সঙ্গে কামিন্সের প্রকাশ্য বক্তব্যের কোনো মিল নেই। এতে তিনি নিজেকে বিশ্বাসভঙ্গের শিকার ও একাকী মনে করেছেন।

এদিকে নতুন করে তদন্ত না করলেও খেলোয়াড়দের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর নেতৃত্বে থাকতে পারেন সাবেক কোনো বিচারপতি। তবে এই ফোরামের মাধ্যমে নতুন করে কোনো শাস্তি দেওয়া হবে না। আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানায়নি বোর্ড।

সিএর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, অতীতের ঘটনার নতুন করে বিচার করা এ উদ্যোগের উদ্দেশ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতেই ফোরাম গঠন করা হচ্ছে।

ফোরাম গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাজা। তার প্রশ্ন, খেলোয়াড়েরা কী বলেছেন, তা প্রকাশ করা হবে কি না—শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত যদি বোর্ডের হাতেই থাকে, তাহলে সত্য উদ্ঘাটনে এই উদ্যোগ কতটা কার্যকর হবে?

বিভি/এজেড

মন্তব্য করুন: