আফ্রিকায় হার এড়াতে মরিয়া বাংলাদেশ
‘আমরা যখন ব্যাটিংয়ে নামি, দ্রুত কিছু উইকেট পড়ে যায়’
জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ৫৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে বসা টাইগারদের সামনে এখন হারের শঙ্কাও উঁকি দিচ্ছে। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জয়ের বদলে ম্যাচ বাঁচানোকেই একমাত্র পথ হিসেবে দেখছেন পেসার হাসান মাহমুদ।
চতুর্থ দিনের খেলা শেষে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে হাসান বলেন, ‘আমি মন থেকে বিশ্বাস করি যে আমরা পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রান থেকে যেহেতু আমাদের রান ৪০০ হয়েছে, এখনো আমরা বিশ্বাস করি ভালো একটা জুটি গড়তে পারলে ভালো রান করতে পারব।’
দক্ষিণ আফ্রিকার ইনিংস প্রসঙ্গে বাংলাদেশি এই পেসার জানান, তারা লিড ১৫৭ রানের মধ্যে রাখতে চেয়েছিলেন। তবে শেষের দিকে প্রোটিয়া টেলএন্ডারদের আটকাতে না পারায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। হাসানের ভাষায়, ‘ওদের টেলএন্ডাররা আসাতে কিছু রান লিক হয়েছে। চেষ্টা করেছিলাম এক জায়গায় বল করে যাব। হয়নি সেভাবে। অত চাপ দিতে পারিনি তাদের টেলএন্ডারদের। ওরা পরে ভালো স্কোর করে ফেলে।’
লিড শোধ করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনশেষে ৫ উইকেটে ১০০ রান সংগ্রহ করলেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাসান বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে নামি, দ্রুত কিছু উইকেট পড়ে যায়। দেখা যায়, এখানে আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ২-৩টি ভালো জুটিতে যদি ভালো দিন গড়তে পারি, চেষ্টা করবে অবশ্যই ব্যাটাররা, যতক্ষণ আমরা ধরে রাখতে পারি আরকি।’
ম্যাচে একের পর এক ক্যাচ ফসকে যাওয়ার বিষয়টিও অকপটে স্বীকার করেছেন হাসান। ফিল্ডিংয়ে ব্যর্থতা থাকলেও চেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানান তিনি, ‘ক্যাচ তো অবশ্যই ধরতে হবে। অবশ্য এগুলো পার্ট অব ক্রিকেট। কেউ তো চায় না ক্যাচ ছাড়তে বা স্লিপে কারও ক্যাচ করুক। আমরা চেষ্টা করছি সব দিক দিয়েই যেন ফিল্ডিং ভালো হয়। আমাদের কোনো দিক থেকেই কমতি নেই।’
এ ছাড়া কন্ডিশনের কারণে প্রোটিয়া ফাস্ট বোলারদের বাড়তি সুবিধা পাওয়ার কথাও উল্লেখ করেন এই পেসার। মেঘলা আবহাওয়ায় নিজেদের সংগ্রামের কথা তুলে ধরে হাসান বলেন, ‘এখানে মেঘলা আবহাওয়া ছিল। তাদের ফাস্ট বোলারদের জন্য ভালো সময় ছিল। ভালো সিম মুভমেন্ট পেয়েছে শুরু থেকেই। আমরাও সংগ্রাম করেছি। এখন যদি জুটি বানাতে পারি, চেষ্টা করব কীভাবে আমরা নিজেদের এখান থেকে বাঁচাতে পারি।’
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: