• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখলো বার্সা, কাজে লাগলো কার কৌশল?

প্রকাশিত: ১৪:৪৪, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখলো বার্সা, কাজে লাগলো কার কৌশল?

ক্যাম্প ন্যুতে শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল বার্সেলোনা। লামিনে ইয়ামাল পেনাল্টি মিস করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তবে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের দল। এই জয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।

ম্যাচের শুরুতে পাওয়া প্রথম দুটি সুযোগ থেকেই গোল আদায় করে নেয় ভিয়ারিয়াল। তাতে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিক বার্সেলোনা। একপর্যায়ে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন ইয়ামাল। ফলে ম্যাচে ফেরার পথ কঠিন হয়ে পড়ে দলটির জন্য।

তবে বিরতির পর বদলে যায় বার্সেলোনার খেলার ধরন। আক্রমণে গতি বাড়ানোর পাশাপাশি রক্ষণেও শৃঙ্খলা ফিরিয়ে আনে দলটি। শেষ পর্যন্ত তিন গোল করে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

ম্যাচ শেষে বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়া জানান, বিরতির সময় খেলোয়াড়দের নিজেদের অবস্থান ও দায়িত্ব মেনে খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ ফ্লিক। তিনি বলেন, ‘কোচ আমাদের নিজ নিজ পজিশন মেনে চলতে এবং নিজেদের ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছিলেন। আমরা জানতাম, একবার গোল করতে পারলে আমাদের থামানো কঠিন হবে। প্রথম গোলের পরপরই দ্বিতীয় গোলটি আসে। ক্যাম্প ন্যুর দর্শকদের সমর্থনও আমাদের বাড়তি শক্তি জুগিয়েছে।’

দুই গোলে পিছিয়ে পড়েও দলের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল না বলে জানান গার্সিয়া। তাঁর ভাষায়, ‘বিরতিতে আমরা একে অপরকে বলেছিলাম, নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে এবং একটি গোল শোধ করতে পারলেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া সম্ভব। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। দল বিশ্বাস হারায়নি, মানসিকতার জায়গায় আমরা কোনো আপস করিনি।’

তবে জয়ের পরও ম্যাচের শুরুতে দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিয়ে সতর্ক করেছেন এই ডিফেন্ডার। আন্তর্জাতিক বিরতির পর ঝোড়ো বাতাসের মধ্যে ভিয়ারিয়ালের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সহজ ছিল না বলে মনে করেন তিনি।

গার্সিয়া বলেন, ‘ভিয়ারিয়াল দারুণ একটি দল। বাতাসের কারণে ম্যাচটি আরও কঠিন হয়ে উঠেছিল। কখনো কখনো আমরা ম্যাচগুলোকে সহজ মনে করি। কিন্তু আজকের ম্যাচ মনে করিয়ে দিয়েছে, কিছুই নিশ্চিত নয়। প্রথম মিনিট থেকেই লড়াই করতে হয়।’

প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, ভিয়ারিয়াল দুটি সুযোগ পেয়েই দুই গোল করেছে। এরপর বার্সেলোনা নিজেদের খেলায় ফিরেছে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ আর তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি। তার মতে, বার্সেলোনার উচিত পুরো ম্যাচজুড়েই দ্বিতীয়ার্ধের মতো নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলা।

আন্তর্জাতিক বিরতির পর এমন জয় বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াবে। তবে শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে হলে ম্যাচের শুরু থেকেই মনোযোগ ধরে রাখা এবং পুরো ৯০ মিনিট নিজেদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখাই এখন ফ্লিকের দলের সামনে বড় চ্যালেঞ্জ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত