২০৩১ ও ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল যারা
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা এবং জ্যামাইকায়। ২০৩৫ সালের আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস।
ফিফার বিশেষ কংগ্রেসে সোমবার (২৩ নভেম্বর) ওই দুটি আসর আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়। দুটি প্রস্তাবেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে তা। ২০৩১ সালের আসর আয়োজনের সুযোগ কেবল আফ্রিকা ও কনক্যাকাফ অঞ্চলের সদস্য দেশগুলোর জন্য এবং ২০৩৫ সালের আসর আয়োজনের সুযোগ আফ্রিকা ও ইউরোপের সদস্য দেশগুলোর জন্য সীমাবদ্ধ রেখেছিলো ফিফা। ২০৩১ সালের আসরটি হবে চারটি দেশের যৌথ আয়োজনে প্রথম কোনো নারী বিশ্বকাপ।
এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৫ সালে কানাডায় নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো। তাই এটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ। ২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালের পুরুষদের বিশ্বকাপের পর এটিই হবে যুক্তরাজ্যে প্রথম কোনো ফুটবল বিশ্বকাপ।
২০৩১ সালের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ২০৩৫ সালের আসরেও একই ফরম্যাট বজায় থাকবে। যেখানে চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপ থাকবে এবং এরপর ৩২টি দল নিয়ে নকআউট পর্ব শুরু হবে। আগামী বছরের নারী বিশ্বকাপ হবে দশম আসর। যা ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ হবে এটি।
বিভি/এসজি













মন্তব্য করুন: