সেঞ্চুরিয়ন টেস্ট
দেড়শ করে থামলেন অ্যাকারম্যান, তিনশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা
চরম ব্যাটিং ব্যর্থতার পর সেঞ্চুরিয়নে বল হাতেও নাভিশ্বাস টাইগার বোলারদের। দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কাস অ্যাকারম্যানের দুর্দান্ত দেড়শো রানের (১৫০) ইনিংসে বড় লিডের পথে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৩০০ রান পেরিয়ে ২ শতাধিক রানের লিড পেরিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৯১ রানের জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ফলে হাতে ৫ উইকেট রেখেই ২১০ রানের লিড পেয়ে গেছে প্রোটিয়ারা। টনি জর্জি ৪১ ও উইয়ান মুল্ডার ২ রানে ক্রিজে আছেন।
প্রথম দিন শেষে ১ উইকেটে ৮৮ রান নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা মার্কাস অ্যাকারম্যান সকাল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৬১ বলে অর্ধশতক পূর্ণ করার পর ১১১ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই ওপেনার; মাত্র ১৩৭ বলে পৌঁছে যান ১৫০ রানের মাইলফলকে।
দ্বিতীয় উইকেটে জুবায়ের হামজার সাথে ৯৬ রানের জুটি গড়ার পর দলীয় ১৪৫ রানে (৩০.৩ ওভার) হামজাকে (৬১ বলে ২৭ রান) মাহফিজুল ইসলামের ক্যাচে পরিণত করে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। এরপর টনি ডি জর্জিকে সাথে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৭৪ রান যোগ করেন অ্যাকারম্যান।
অবশেষে ইনিংসের ৪৪তম ওভারে (৪৩.৩ ওভার) শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে থামে অ্যাকারম্যানের ম্যারাথন ইনিংস; রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তাঁর। আউট হওয়ার আগে ২৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩৮ বলে ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন এই প্রোটিয়া ওপেনার।
লাঞ্চ বিরতির পর ২০ রানে ফিরে যান ম্যাথিউ ব্রিটজকে। আগের ম্যাচে ঝড় তোলা রিকেলটন আজ অবশ্য বেশিদূর এগোতে পারেননি। শরিফুলের বলে ফিরে গেছেন ২০ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেছেন। খালেদ আহমেদ নিয়েছেন একটি।
বিভি/এজেড













মন্তব্য করুন: