• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা কী জিনিস! হাড়ে হাড়ে টের পেলো টাইগাররা

প্রকাশিত: ২২:৪০, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকা কী জিনিস! হাড়ে হাড়ে টের পেলো টাইগাররা

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও অসহায় আত্মসমর্পণ, আরও একটি ইনিংস হার। সেঞ্চুরিয়ন টেস্টে তিন দিনেই ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে খুইয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের সামর্থ্য ও বাস্তবতার ব্যবধানটা আরও একবার হাড়ে হাড়ে টের পেলো টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হারজিতের পরিসংখ্যান বরাবরই বৈরী। এখন পর্যন্ত তাদের বিপক্ষে যে দুটি টেস্ট বাংলাদেশ ড্র করতে পেরেছে, সেগুলোর অন্তত এক দিন করে বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল। এবার দুই ম্যাচের সিরিজ শুরুর আগেই যে জয়ের খাতায় শূন্যের জায়গায় কোনো সংখ্যা বসবে, এমন সম্ভাবনা ছিল ক্ষীণ। বাস্তবেও অবিশ্বাস্য কোনো কিছু করে দেখাতে পারেনি সফরকারীরা।

জোহানেসবার্গে প্রথম টেস্টে কোনোমতে ইনিংস হার এড়াতে পারলেও সেঞ্চুরিয়নে সেটিও সম্ভব হয়নি। তৃতীয় দিনেই ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয় বাংলাদেশ। যদিও এটি প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড নয়; ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।

সেঞ্চুরিয়ন টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচ শুরুর প্রথম তিন ঘণ্টার মধ্যেই। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনে সারাদিন ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন সকালে আর ব্যাটিংয়ে না নেমে ওই রানেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোর প্রশ্ন তো পরের বিষয়, প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ৪০৩ রানের বিশাল বোঝা টপকানোই বাংলাদেশের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য একেবারে খারাপ ছিল না। প্রথম এক ঘণ্টায় স্লিপে কয়েকটি ক্যাচ পড়ে এবং কয়েকবার জীবন পান দুই ওপেনার। একপর্যায়ে তাদের জুটি গড়ে ফেলে নতুন রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিংয়ে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল হান্নান সরকার ও আল শাহরিয়ারের (৫২ রান)। সেঞ্চুরিয়নে মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসানের জুটি সেই রেকর্ড ভেঙে ৫৮ রানে থামে। উইয়ান মুল্ডারের বলে তানজিদ উইকেটকিপারের হাতে ক্যাচ দিলে জুটি ভাঙে। পরের ওভারেই শূন্য রানে মুল্ডারের শিকার হন মুমিনুল হক। দুই টেস্টের চার ইনিংসের দুটিতে শূন্য রানে ফেরা এই অভিজ্ঞ ব্যাটার বাকি দুই ইনিংসে করেছিলেন ১ ও ১৮ রান।

এই সিরিজে টেস্ট অভিষেক হওয়া মাহফিজুল ইসলাম প্রথম ইনিংসে ২৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। দ্বিতীয় ইনিংসেও ৩৮ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ আসে তার ব্যাট থেকেই। মার্কো ইয়ানসেনের ভেতরে ঢোকা ডেলিভারি খেলতে গিয়ে দ্বিধায় পড়ে যান মাহফিজুল; বল প্যাডে আঘাত করলে আম্পায়ার এলবিডব্লিউ দেন এবং রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।

ওপেনিং জুটির পতনের পর কিছুটা প্রতিরোধ গড়েন তাওহিদ হৃদয়। প্রতিকূল পরিস্থিতিতেও একশর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে প্রোটিয়া বোলারদের চোখে চোখ রেখে জবাব দেন তিনি। তবে তার ইনিংসও বেশিদূর গড়ায়নি; ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন হৃদয়, যা দলের পক্ষে সর্বোচ্চ। তাকে ফেরানোর পর কাগিসো রাবাদার উচ্ছ্বাসই বলে দেয়, হৃদয় কতটা অস্বস্তিতে ফেলেছিলেন স্বাগতিকদের।

হৃদয় বিদায় নেওয়ার পর দ্বিতীয় সেশনও টিকতে পারেনি বাংলাদেশ। মূলত মুল্ডারের বিধ্বংসী স্পেলেই ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলে একে একে বোল্ড হন লিটন দাস, জাকের আলী ও শরীফুল ইসলাম।

একপর্যায়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো মুল্ডার একাই ৭ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১৮৪ রানে অলআউট করেন। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্য, রাবাদার গতি ও মার্কেস অ্যাকারম্যানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১০ টেস্টের ৬টিতেই ইনিংস ব্যবধানে হারা দলটি আরও একবার বুঝে নিল; প্রোটিয়া কন্ডিশন ও সামর্থ্যের দৌড়ে তারা এখনো অনেক পিছিয়ে।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: