ফারজানার ব্যাটে এলো টাইগ্রেসদের প্রথম ফিফটি
ছবিঃ ক্রিকইনফো
নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ফিফটির দেখা পেয়েছেন ফারজানা হক। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিফটি করেন ফারজানা পিঙ্কি। ৬৩ বল মোকাবিলা করে ৫২ রান করেন তিনি। তার এই অর্ধশতকের ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪০ রানে।
সকাল থেকেই ডানেডিনে ছিলো বৃষ্টিমেদুর আবহাওয়া। ইউনিভার্সিটি ওভালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ব্যাটিংটা খুব খারাপ করেননি বাংলাদেশের মেয়েরা। খুব দ্রুত দলীয় অর্ধশতক তুলে নেন শামীমা সুলতানা ও ফারজানা হক জুটি। তবে শামীমার আউটের পর রানের গতি কমে যায় বাংলাদেশের। তবুও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন ফারজানা হক। বৃষ্টির কারণে ২৭ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে তুলেন ১৪০ রানের স্কোরবোর্ড।
দলীয় পঞ্চাশ খুব দ্রুত তুলে নিলেও ২২ রানে ৩ উইকেট হারিয়ে রানের গতি কমে যায় টাইগ্রেসদের। শেষ পর্যন্ত সেই গতি আর বাড়াতে পারেননি তাঁরা। শামীমা সুলতানা ও ফারজানা হকের উড়ন্ত সূচনার পর হঠাৎ ছন্দপতন হয় বাংলাদেশের ইনিংসে। তাদের জুটি ভাঙার পর বাংলাদেশের রানের গতি কমিয়ে দেন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েইট। তার ৩ উইকেটে দারুণভাবে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। এছাড়াও একটি করে উইকেট পান হ্যালি জেনসেন ও ফ্রান্সিস ম্যাকে।
এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শুরুটা হয়েছে বিস্বাদের। হেরেই অভিষেক বিশ্বকাপ মিশন শুরু করেছে নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বেঁধে ফেলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে।
বিভি/কেএস



মন্তব্য করুন: