তৃতীয়বারের চেষ্টায় জজ হলেন ইবির মেহবুবা মোহিনী
‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’- প্রচলিত এই প্রবাদটির বাস্তব উদাহরণ যেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মেহবুবা মোহিনী। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম দুবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি তিনি। ভুলত্রুটি শুধরে তৃতীয়বারের চেষ্টায় ১৮তম বিজেএস পরীক্ষায় সফল হয়ে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রকাশিত ফলাফলে তার এই সাফল্যের বিষয়টি জানা যায়।
মেহবুবা মোহিনী ১৯৯৯ সালে যশোর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। চার বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর বাবা সাংবাদিক আনোয়ারুল কবির দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মা সালমা খানম খুলনা নার্সিং ইনস্টিটিউটের প্রভাষক।
মোহিনী স্থানীয় বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে সরকারি এম. এম. কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করেন তিনি।
এরপর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক পর্যায়ে ভর্তি হন। পরবর্তীতে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আইন বিভাগে পড়ার সময় থেকেই বিভাগের সিনিয়রদের সাফল্য দেখে জুডিশিয়ারির প্রতি আগ্রহ তৈরি হয় মোহিনীর। পরে বিভাগের সিনিয়র সাকিব আহমেদ ইমনের পরামর্শ ও দিকনির্দেশনায় করোনাকালীন সময়ে বিজেএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি।
মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় ১৬তম ও ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নেন মোহিনী। তবে দুইবারই সফল হতে পারেননি। এতে মানসিকভাবে ভেঙে না পড়ে তিনি মাস্টার্সের পড়াশোনায় মনোযোগ দেন এবং সেখানেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
পরে নিজের ভুলত্রুটি চিহ্নিত করে নিয়মিত অনুশীলনের পাশাপাশি নতুন করে বিজেএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। শেষ পর্যন্ত ১৮তম বিজেএস পরীক্ষায় তৃতীয়বারের চেষ্টায় সফল হয়ে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন তিনি।
নিজের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মেহবুবা মোহিনী বলেন, ‘আল্লাহর প্রতি অসংখ্য শুকরিয়া যে, তিনি আমাকে সফলতা দান করেছেন। আমি বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ। পড়াশোনার বিষয়ে তাঁরা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। পড়াশোনার জন্য কখনোই আমাকে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি।’
বিচারক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ‘বিচার বিভাগে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। বিচারের স্বচ্ছতা এবং দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ।’
অনুজদের উদ্দেশে মেহবুবা মোহিনী বলেন, ‘প্রথম বা দ্বিতীয়বার ব্যর্থ হলেও কখনো আশা হারানো যাবে না। ব্যর্থতাকে শিক্ষার মাধ্যম বানিয়ে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে এবং সঠিক একজন মেন্টর বা দিকনির্দেশকের পরামর্শ অনুসরণ করতে হবে। তাহলেই সৃষ্টিকর্তা সফলতা দান করবেন।’
বিভি/পিএইচ













মন্তব্য করুন: