• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেধাক্রমে ৩৭তম হয়ে জজ হলেন গবি শিক্ষার্থী পিংকি

মো. রাজিউল ইসলাম শান্ত, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেধাক্রমে ৩৭তম হয়ে জজ হলেন গবি শিক্ষার্থী পিংকি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অনামিকা মজুমদার পিংকি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সিভিল জজ পদে মেধাক্রমে ৩৭তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী জজ পদে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়ে অনামিকা মজুমদার পিংকি বলেন, ‘সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। বাবার দিকনির্দেশনায় বিচারক হওয়ার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের ফলে বিজেএস পরীক্ষায় মেধাক্রমে ৩৭তম স্থান অর্জন করেছি। নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করেছি এবং প্রতিটি টপিক গভীরভাবে বুঝে পড়ার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘এ অর্জনের জন্য আমার পরিবার ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার দোয়া প্রার্থনা করি।’

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল বলেন, ‘প্রথমবারের মতো আইন বিভাগের শিক্ষার্থী অনামিকা মজুমদার পিংকির এই সাফল্যে বিভাগের অর্জন পূর্ণতা পেয়েছে। শিক্ষার্থীদের অধ্যবসায় ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। তাঁর এ অর্জন আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। আমরা এ অর্জনের জন্য গর্বিত। আশা করি, আইন বিভাগের শিক্ষার্থীদের সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত