ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের নামে দালালি, অভিযোগ জানাবেন যে নম্বরে
বাংলাদেশে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনা অনুযায়ী, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের সম্ভাব্য তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। একই সঙ্গে দালাল বা মধ্যস্থতাকারীদের থেকে সাবধান থাকার পরামর্শও দিয়েছে হাইকমিশন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। আইভ্যাক জানায়, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার ওপর এটি নির্ভর করবে।
নির্দেশনায় আরও বলা হয়, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার (৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা থাকবে।
আবেদনকারীরা একই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। শুধু পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুকিং করা যাবে।
এর আগে এক সতর্কবার্তায় ভারতীয় ভিসা কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে কিছু অসাধু দালাল বা এজেন্ট নিজেদের ভারতীয় হাই-কমিশনের কর্মকর্তা বা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে এবং বিনিময়ে নিশ্চিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে ঢাকার ভারতীয় হাই কমিশন বা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের সহকারী হাই কমিশনের কেউই কখনো ব্যক্তিগত ফোন কল, সামাজিক যোগাযোগমাধ্যম বা তৃতীয়পক্ষের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট স্লটের বিনিময়ে অর্থ দাবি করে না। ভারতীয় হাই কমিশন বা সহকারী হাই কমিশনসমূহ বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় ভিসার জন্য কোনো ফি গ্রহণ করে না।
আইভেক কর্তৃক নির্ধারিত ভিসা প্রসেসিং ফি ১৫০০ টাকা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রাপ্তি বা দ্রুত স্লট পাওয়ার জন্য অতিরিক্ত কোনো অর্থ প্রদান করার দরকার নেই। অ্যাপয়েন্টমেন্ট স্লট বা ভিসা দ্রুত বিতরণের নামে অতিরিক্ত অর্থ দাবি করা সম্পূর্ণরূপে প্রতারণামূলক।
আবেদনকারীদের জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করবেন না, যারা ‘সরাসরি অ্যাক্সেস’ রয়েছে বলে দাবি করে। এ ধরনের সন্দেহজনক যোগাযোগ পেলে দয়া করে তা অনতিবিলম্বে আমাদেরকে ০১৩২৫০৮৯৯৭৫ এই নম্বরে জানান।
বিভি/টিটি













মন্তব্য করুন: