• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবে সোয়া লাখ বাংলাদেশি শিক্ষার্থী

প্রকাশিত: ০১:২৮, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:২৮, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবে সোয়া লাখ বাংলাদেশি শিক্ষার্থী

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। তবে বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, পড়াশোনার খরচ এবং অর্থায়নের ব্যবস্থা নিয়ে ভাবতে হয়। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে এসব বিষয় বিবেচনার পাশাপাশি শিক্ষার মান ও পড়াশোনা শেষে কর্মজীবনের সুযোগ সম্পর্কেও জানতে চান শিক্ষার্থীরা। এসব বিষয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে জানতে আগামী ৩০ নভেম্বর ঢাকায় একত্রিত হচ্ছেন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুলের প্রতিনিধিরা।

উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আয়োজন করছে ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক এ অনুষ্ঠান। এতে বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। জানতে পারবেন নিজেদের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ, ভর্তির শর্ত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে।

অনুষ্ঠানে অংশ নিতে কোনো ফি লাগবে না। স্নাতকোত্তর পর্যায়ে কোন বিষয়ে পড়বেন, ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া কী, পড়াশোনার অর্থায়নের সুযোগ কোথায় এবং পড়াশোনা শেষে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কেমন, এসব বিষয়ে বিস্তারিত জানার সুযোগ থাকবে। কর্মজীবী পেশাজীবী, সদ্য স্নাতক এবং স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আয়োজনটি করা হয়েছে। ৩০ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

‘কিউএস গ্লোবাল স্টুডেন্ট ফ্লোস’-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াতে পারে ১ লাখ ২৬ হাজার ৫০০। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৩০০ হতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎস শহর হিসেবে বাংলাদেশে এগিয়ে রয়েছে ঢাকা। ২০২৬ সালে ঢাকা থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর আনুমানিক সংখ্যা ৭৪ হাজার ৪০০। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে এ সংখ্যা বৃদ্ধির বার্ষিক যৌগিক হার ১৩ দশমিক ৫ শতাংশ।

কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান বলেন, “আন্তর্জাতিক শিক্ষাখাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিউএসের পূর্বাভাসেও দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের একদিকে যেমন বিষয় ও শিক্ষার মান বিবেচনা করতে হয়, অন্যদিকে খরচ, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং পছন্দের দেশের শিক্ষার পরিবেশও ভাবতে হয়। ঢাকার এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে এসব বিষয়ে ধারণা নিতে পারবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।”

এ আয়োজনে যুক্তরাষ্ট্র, স্পেন, কানাডা, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুল অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, অন্টারিও টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইনিপেগ এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রতিনিধিদের কাছে বিভিন্ন প্রোগ্রাম, আবেদনপ্রক্রিয়া, মেধাবৃত্তি এবং পছন্দের দেশ সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উপযুক্ত বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে ব্যক্তিগত পরামর্শও দেওয়া হবে।

এ ছাড়া, আয়োজনে ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপ সম্পর্কে জানার সুযোগ থাকবে। শর্ত পূরণ সাপেক্ষে এ স্কলারশিপের জন্য আবেদনও করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত